হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার প্রতিদিনের গৃহস্থালি বর্জ্য আর শুধু দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণ হবে না। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এসব বর্জ্য থেকেই তৈরী হবে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার, যা স্বল্পমূল্যে কৃষকের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকরা পাবেন উন্নতমানের জৈব সার, যা জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে ফলে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জানাগেছে, হোমনা পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে।যার মাধ্যমে পৌর এলাকার বাসাবাড়ি থেকে প্রতিদিন সংগ্রহ করা বর্জ্য থেকে জৈব বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় তৈরী করা হবে ভার্মি কম্পোস্ট সার। এই সার কৃষকদের কাছে প্রতি কেজি ২০ টাকারও কমে সরবরাহ করার সম্ভাবনা রয়েছে।
প্রকল্প বাস্তবায়ন ঠিকাদারী সংস্থা টার্ণ ইঞ্জিনিয়ারিং এর এমডি ফকরুল ইসলাম জানান,আগামী ২ মাসের মধ্যে প্রকল্পের নির্মান কাজ শেষ হবে।
কনসালটেন্ট প্রকৌশলী রিয়াজুর বারী জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতির কাজ শেষ করে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাশিম বলেন, “পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে উৎপাদিত এই জৈব সার কৃষকরা কম মূল্যে পাবেন। প্রতি কেজি সার ২০ টাকারও কম দামে সরবরাহ করা সম্ভব হবে, যা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।”
হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, “এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার পয়ঃবর্জ্য বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নতমানের জৈব সার সরবরাহ করা সম্ভব হবে। যা মাটির উর্বরতা বৃদ্ধিপাবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে দেশের অনেক অঞ্চলের মাটির উর্বরতা কমে গেছে। এ অবস্থায় জৈব সারের ব্যবহার বৃদ্ধি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24