হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামে জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে শামফুলের নেছা (৭৮) নামের এক বৃদ্ধা শাশুড়িকে মারধরের অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে হোমনা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। সে শ্রীমদ্দি গ্রামে মো. শহিদ উল্লাহ এর স্ত্রী।
শনিবার (২ মে) পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড শ্রীমদ্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শামফুলের নেছা (৭৮)এ ঘটনায় তার ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে হোমনা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে ছেলে ও পুত্রবধূরা তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। এমনকি তাকে বঞ্চিত করতে স্বামীকে প্রভাবিত করে কাজী অফিসে নিয়ে তালাক দেওয়ার চেষ্টা এবং সম্পত্তি দখলেরও অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, সন্তান ও পুত্রবধূদের অত্যাচারের কারণে দীর্ঘদিন ধরে তিনি বাড়ির বাইরে অবস্থান করছিলেন। কিছুদিন আগে জমি সংক্রান্ত বিষয় নিয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজনের সঙ্গে তার ছেলেদের মারামারির ঘটনাও ঘটে। এরই ধারাবাহিকতায় শনিবার তার ছেলে ও পুত্রবধূরা তাকে বেদম মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত এই বিরোধের পেছনে দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। এ ঘটনায় এর আগে উভয় পক্ষের মধ্যে একাধিক মামলা চলমান রয়েছে।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24