আবদুল হক সরকার।।
কুমিল্লার হোমনা পৌরসভা সদরে দিনের বেলায় বাসার তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে।এতে আশে পাশের বাসা সহ এলাকার লোকজন আতংকিত হয়ে পড়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে হোমনা পৌরসভার হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেনের হোমনা পল্লী বিদ্যুৎ রোডের দ্বিতীয় তলার ভাড়া বাসায় এ চুরির ঘটনা ঘটে।
পৌর সভার হিসাব রক্ষক মো. বিল্লাল হোসেন জানান, তিনি ও তাঁর স্ত্রী কর্মস্থলে ছিলেন এবং ছেলে-মেয়েরা স্কুলে। দুপুরে স্কুল থেকে ফিরে আমার মেয়ে আদিবা বাসার তালা ভাঙ্গা ও দরজা খোলা দেখতে পেয়ে আমাকে ফোন করে বিষয়টি জানায়। আমি বাসায় এসে দেখি, আলমারির দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পরে রয়েছে। এ সময় আলমারিতে থাকা প্রায় চার ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়ে গেছে।
এ দিকে সবচেয়ে জনবহুল এলাকায় দিনের বেলায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত চোর শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান।
এ দিকে আশপাশের সিসিটিভি ফুটেজ তিনজন সন্দেহভাজন ব্যক্তি একে একে বাড়ির গেইট থেকে বের হতে দেখা যাচ্ছে। বিষয়টি সমাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছেন।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, “চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24