হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় সরকারি জায়গা থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের সময় ড্রেজারের ড্রাম থেকে পড়ে ইমরান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার নিলখী ইউনিয়নের চম্পকনগর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মাঠ ভরাটের উদ্দেশ্যে কয়েকজন যুবক একটি ড্রেজার ভাড়া করে বালু উত্তোলনের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে ইমরান ড্রেজারের ড্রাম থেকে পানিতে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, ইমরান দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিলেন।
হোমনা থানার এসআই ইসমাইল হোসেন জানান, মরদেহে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুব আলম জানান, মাঠ ভরাটের জন্য কয়েকজন স্থানীয় বাসিন্দা বালু উত্তোলনের আবেদন করেছিলেন, তবে অনুমোদনের বিষয়ে তিনি অবগত নন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম বলেন, এ ধরনের বালু উত্তোলনের অনুমতি দেওয়ার সুযোগ নেই।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের আবেদনের পর মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৈনিক দর্পণ নিউজ দৈনিক দর্পণ নিউজ 24